রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে বিল্লাল ওরফে চাপাতি বিল্লাল (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত বিল্লাল হত্যাচেষ্টা, মাদক ও ছিনতাইসহ ১৬ মামলার আসামি।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে খিলগাঁওয়ের শেখেরজায়গা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, গোপন সংবাদের মাধ্যমে গোড়ান এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিল্লালকে গ্রেপ্তার করি। পরে জিজ্ঞাসাবাদ সে জানায়, তার সঙ্গী আরও ৬/৭ জন শেখেরজায়গায় অস্ত্র ও মাদক নিয়ে অবস্থান করছে।
তিনি জানান, পরে বিল্লালকে সঙ্গে নিয়ে অভিযানে গেলে ওই সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে।
ওসির ভাষ্য, গোলাগুলির একপর্যায়ে ওই সন্ত্রাসীদের গুলিতেই আহত হন বিল্লাল। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করে হয়েছে বলে জানান ওসি।