শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন এক পুলিশের মৃত্যু

চট্টগ্রামে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন নগর পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। তবে তিনি করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। মৃত পুলিশ সদস্য নঈমুল হক (৩৮) সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক জানান, নঈমুল হক শ্বাসকষ্ট নিয়ে বৃহস্পতিবার জেনারেল  হাসপাতালে ভর্তি হয়। শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়েছে। নঈমুলের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোস্তাক আহমেদ বলেন, হাতে ব্যাথা থাকায় কনস্টেবল নাইমুল ২১ দিনের ছুটিতে গিয়েছিলেন। আগে থেকে তার অ্যাজমাজনিত সমস্যা ছিল। বৃহস্পতিবার দুপুরে শ্বাসকষ্ট নিয়ে সে দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে আসেন। সেখান থেকে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।