চীনের সঙ্গে জানুয়ারিতে করা বাণিজ্যচুক্তি নিয়ে আফসোস করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ‘৫০০ বিলিয়ন ডলার’ বাঁচাতে দেশটির সঙ্গে তিনি দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করতে পারেন বলে জানিয়েছেন।
ফক্স বিজনেস নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে আমার সম্পর্ক ভালো। কিন্তু ঠিক এই মুহূর্তে আমি তার সঙ্গে কথা বলতে চাই না। ‘
‘এই মহামারী তাদের হতে দেয়া উচিত হয়নি। ওদিকে আমি বড় একটি বাণিজ্যচুক্তি করেছি। এখন আর আগের মতে নেই। চীনকে নিয়ে আমি খুব হতাশ।’
চুক্তির প্রথম ধাপে আমেরিকা থেকে চীনের ২০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্য আমদানি করার কথা। কিন্তু ট্রাম্প মনে করছেন, এই মুহূর্তে তারা সেটি পারবে না।
‘এই মুহূর্তে তারা চুক্তির শর্ত রক্ষা করতে পারবে বলে মনে হয় না। আমরা সরে আসলে ৫০০ বিলিয়ন ডলার বাঁচাতে পারব।’
করোনা মহামারী আকার ধারণ করায় ট্রাম্প মার্চ থেকে চীনের সমালোচনা করছেন। তার অভিযোগ, চীন ভাইরাসের কথা দেরিতে জানিয়েছে। কভিড-১৯ রোগের জন্য দায়ী ভাইরাসকে এর আগে কয়েকবার তিনি ‘চীনা ভাইরাস’ও বলেছেন। এমনকি দেশটির বিরুদ্ধে তদন্তেরও ঘোষণা দিয়েছেন।
এমন অবস্থায় চীনও পাল্টা জবাব দিতে ছাড়ছে না। ফলে দুই দেশের মধ্যে চলে আসা দীর্ঘদিনের বাণিজ্যযুদ্ধ আর ‘শেষ’ হচ্ছে না বলেই ধারণা বিশ্লেষকদের। ট্রাম্পের নতুন মন্তব্য পরিস্থিতি কোথায় নিয়ে যায়, সেটি এখন দেখবার বিষয়।