রবিবার থেকে শুরু হচ্ছে টিভি নাটকের শুটিং

সরকারি স্বাস্থ্য বিধি মেনে এবার টেলিভিশন নাটক শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। রবিবার থেকে টেলিভিশন নাটক সংশ্লিষ্ট শিল্পীরা শুটিং করতে পারবেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম। 

এর আগে প্রথম বার করোনাভাইরাস সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘের প্রতিনিধিদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। পরবর্তীতে তা বাড়ানো হয়। যা শুক্রবার পর্যন্ত বহাল থাকে। 

সম্প্রতি সরকার স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিংমল, মার্কেট, দোকান খোলার সিদ্ধান্তের কথা জানায়। তবে ৩০ মে পর্যন্ত কার্যকর থাকবে সরকারি ছুটি। বন্ধ থাকছে গণপরিবহন। জনগণের চলাচলেও থাকছে বিধি-নিষেধ। 

এর মধ্যেই নাটকের শুটিং শুরুর খবর এল। 

শুক্রবার রাতে আহসান হাবিব নাসিম দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় দুই মাস হতে চলল আমাদের শিল্পী কলা-কুশলীরা ঘরে বসে আছেন। অনেকেই ভীষণ অর্থ কষ্টে দিন যাপন করছেন। আমরা তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু শিল্পীদের অনেকেই চাইছেন ঈদের আগে কিছু কাজ করতে। তারা সরকারি স্বাস্থ্য নির্দেশনা মেনে যেভাবে অফিস চলছে, সেভাবেই শুটিং করবেন।’

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চব্বিশ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে রেকর্ড ১,২০২ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ায় মোট আক্রান্ত ২০ হাজার ছাড়িয়েছে। এই সময়ে বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৯৮ জন।