যুক্তরাষ্ট্রের সিনেট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান রিপাবলিকান সিনেটর রিচার্ড বার এফবিআইয়ের তদন্তের মুখে পদত্যাগ করেছেন। তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থাটি তার মোবাইল ফোন জব্দ করেছে বলে জানিয়েছে বিবিসি।
নর্থ ক্যারোলাইনার এ সিনেটর জানিয়েছেন, তদন্ত যাতে করে কমিটির কাজকে বাধাগ্রস্ত না করে, সেজন্য তিনি পদত্যাগ করেছেন। কোনো অপরাধ না করার দাবি করা এ সিনেটরের বিরুদ্ধে অভিযোগ, কমিটিতে প্রাপ্ত তথ্য ব্যবসায়িক স্বার্থে কাজে লাগিয়েছেন তিনি। বার ও তার স্ত্রী ফেব্রুয়ারিতে ১৭ লাখ ডলার মূল্যের সম্পত্তি বিক্রি করেছেন। অর্থনৈতিক সংকটের আতঙ্ক শুরু হওয়ার আগমুহূর্তে তারা পদক্ষেপ নেন। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, রাষ্ট্রীয় কাজে নিয়োজিত অবস্থায় জানতে পারা অপ্রকাশ্য তথ্য বাণিজ্যে ব্যবহার করা কংগ্রেস সদস্যদের জন্য বেআইনি।
জর্জিয়ার রিপাবলিকান সিনেটর কেলি লোয়েফলার, ওকলাহোমার জেমস ইনহফ এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সিনেটর ফেইনস্টেইনও সংকট শুরু হওয়ার আগে সম্পত্তি বিক্রি করেছেন। তারা তদন্তের আওতায় রয়েছেন বলে নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ফেইনস্টেইন জানিয়েছেন, স্বামীর বাণিজ্যিক কর্মকাণ্ড সম্পর্কে এফবিআইয়ের জিজ্ঞাসাবাদের জবাব দিয়েছেন তিনি।