করোনাভাইরাস শনাক্তের পর ঢাকা থেকে পালিয়ে এক পোশাককর্মী লালমনিরহাটের নিজ বাড়ি এসেছেন। খবর পেয়ে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্থানীয় প্রশাসন পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী ধবলসুতি গ্রামে তার বাড়িটি লকডাউন করেছে।
গতকাল শুক্রবার মুঠোফোনে ওই যুবক জানান, নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করেন তিনি। জ্বর-সর্দি ও গলাব্যথা হলে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান। পরীক্ষায় গত বুধবার তার কভিড-১৯ পজিটিভ আসে। রিপোর্ট হাতে পেয়ে ভয়ে ঢাকার ঠিকানায় না ফিরে পালিয়ে গ্রামে আসেন। ঢাকা থেকে প্রথমে ১৪ জন একটি মাইক্রোবাস ভাড়া করে রংপুর আসেন। সেখান থেকে কয়েকবার অটোরিকশা বদল করে বাড়ি পৌঁছান ওই যুবক।
পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত জানান, ঢাকা থেকে তাদের ও জেলা সিভিল সার্জনকে বিষয়টি জানানো হয়। পরে ওই যুবককে শনাক্ত করে নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার দেওয়া তথ্যে, মাইক্রোবাস এবং অটোরিকশার চালক ও যাত্রীদের সন্ধান করা হচ্ছে বলে জানান তিনি।