সিলেটে জ্বালানি তেলের একটি খালি ট্যাংক-লরির ছিদ্র ওয়েল্ডিংয়ের মাধ্যমে মেরামতের সময় বিস্ফোরণে দুজন নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কুচাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওয়েল্ডিং কারখানার মালিক কমরউদ্দিন (৩৫) ও লরিচালক মনির মিয়া (৫০)।
স্থানীয়রা জানায়, পদ্মা অয়েল কোম্পানির তেলবাহী একটি খালি গাড়ি মেরামতের জন্য কুচাই এলাকার মা ওয়েল্ডিং কারখানায় নেওয়া হয়। কারখানার মালিক কমরউদ্দিন ও চালক মনির মিয়া লরির ভেতরে প্রবেশ করে ঝালাইয়ের মাধ্যমে ছিদ্র মেরামত করছিলেন। একপর্যায়ে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায় ও লাশ দুটি উদ্ধার করে।
সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কোবাদ আলী সরকার জানান, ধারণা করা হচ্ছে খালি লরিটির ভেতরে গ্যাস জমেছিল। ওয়েল্ডিং শুরু করার পর দ্রুতই আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এতে কমরউদ্দিন গাড়ির ভেতরে এবং মনির মিয়া ছিটকে বাইরে পড়ে মারা যান।
মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।