এডিস মশা নিয়ন্ত্রণের মাধ্যমে নগরবাসীকে ডেঙ্গু থেকে সুরক্ষা দিতে চিরুনি অভিযান সর্বাত্মকভাবে সফল করতে নবনির্বাচিত ওয়ার্ড ও সংরক্ষিত নারী কাউন্সিলরদের আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার বেলা ১১টা ও বিকেল সাড়ে ৩টায় ডিএনসিসির দুটি অনলাইন সভায় এ আহ্বান জানান তিনি। সভায় বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর ছাড়াও ডিএনসিসির বিভিন্ন বিভাগের প্রধান উপস্থিত ছিলেন।
এটি নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের প্রথম সভা। শুরুতে কাউন্সিলর ও কর্মকর্তাদের উদ্দেশে মেয়র আতিকুল ইসলাম দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কল্যাণ সাধন করা। আমাদের কাছে নগরবাসীর অনেক প্রত্যাশা। তাই কথায় নয়, কাজে প্রমাণ দিতে হবে। মানুষের আশা-আকাক্সক্ষার বাস্তবায়ন করতে হবে। এর ব্যতিক্রম হলে সাংবাদিক ও জনগণ কেউই ছাড় দেবে না।’ উন্নয়নকাজে গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ে শেষ করারও তাগিদ দেন মেয়র।
কাউন্সিলরদের উদ্দেশে মেয়র বলেন, ‘মশক নিয়ন্ত্রণ যেন ঠিকমতো হয় সে জন্য প্রত্যেক কাউন্সিলর ব্যক্তিগতভাবে মনিটর করবেন। নির্ধারিত গুণ ও পরিমাণ বজায় রেখে মশার কীটনাশক ছিটানো হচ্ছে কি না, তা আপনাদের নিশ্চিত করতে হবে। প্রত্যেক কাউন্সিলর তার ওয়ার্ডের মশক নিয়ন্ত্রণের জন্য দায়ী থাকবেন এবং তাকেই জবাবদিহি করতে হবে।’ এডিস মশা নিয়ন্ত্রণে শনিবার থেকে শুরু হওয়া চিরুনি অভিযান সামাজিক দূরত্ব নিশ্চিত করে সফল করতেও কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান তিনি।