রংপুরের গঙ্গাচড়ায় এক পরিবারের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের শিশুকন্যা হুমায়রা।
ওই ইউনিয়নের চেয়ারম্যান আফজালুল হক রাজু জানান, শনিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা ও তার মেয়ের গলায় কাটা যাওয়া দাগ অবস্থায় মরদেহ বিছানায় পড়ে থাকতে দেখা যায়। হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে মাটিতে নামিয়ে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
শুক্রবার রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু একটা দিয়ে গলা কেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।