শ্রমিক মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে ঘুম চলে আসে ছোট্ট শরীরের। কিন্তু এদিকে হাঁটা থামা যাবে না, তাইলে দলের অন্যদের থেকে পিছিয়ে পড়তে হবে। এমন অবস্থায় মায়ের হাতে ধরা সুটকেসের উপরে শুয়ে পড়েছে সে।
মা সেই চাকাওয়ালা সুটকেসে দড়ি বেঁধে এগিয়ে চলেছেন দলের সঙ্গে। ভারী সুটকেস আরও ভারী হয়ে উঠেছে সন্তানের ভারে। তবুও তাকে টেনে নিয়ে প্রাণপণ গতিতে হাঁটতে হচ্ছে ওই নারীকে। কেননা পিছিয়ে পড়লে দলছুট হয়ে যেতে পারেন।
এনডিটিভি জানায়, লকডাউনে আটকে পড়ে ভারতে ঘরে ফেরা শ্রমিকদের দুরবস্থার আরও এক নিদারুণ ছবি ফুটে উঠল এই দৃশ্যের মাধ্যমে। উত্তরপ্রদেশের আগ্রায় একটি ছোট দলের অংশ ছিলেন এই নারী ও তার শিশু।
কোথায় চলেছেন তারা? প্রশ্নের উত্তরে ওই নারী জানাচ্ছেন, ঝাঁসি। দলটি হাঁটা শুরু করেছে পাঞ্জাব থেকে। যেতে হবে ৮০০ কি.মি. দূরের ঝাঁসিতে।
মার্চের শেষ থেকে দেশব্যাপী জারি হওয়া লকডাউনের ফলে চাকরি হারিয়ে খাদ্য-বাসস্থানের অভাবে পায়ে হেঁটে নিজের রাজ্যে ফিরতে বাধ্য হওয়া শ্রমিকদের যে কী পরিমাণ অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে তার নানা দৃষ্টান্ত গত কয়েক সপ্তাহ ধরেই সামনে এসেছে। সকলে অবশ্য হাঁটছেন না। কেউ কেউ সাইকেলে, কেউ বা ট্রাকে করে পাড়ি দিচ্ছেন দীর্ঘ দীর্ঘ পথ।
ঘরে ফিরতে কেন্দ্রীয় সরকার বিশেষ ট্রেন ও রাজ্য সরকারগুলো বাসের ব্যবস্থা করলেও সবার ঠাঁই হচ্ছে না সেখানে। এ নিয়ে আছে বিস্তর অনিয়মের অভিযোগ।
এদিকে ঘরে ফিরতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছে। শনিবার ভোরে উত্তরপ্রদেশে দুই ট্রাকের সংঘর্ষে নিহত হয়েছেন ২৪ শ্রমিক।