ব্রাজিলের ৩৮ আদিবাসী অঞ্চলে ছড়িয়েছে করোনা

করোনাভাইরাস মহামারী ব্রাজিলের ৩৮টি আদিবাসী অঞ্চলে ছড়িয়েছে বলে জানিয়েছে এপিআইবি।

এপিআইবি ব্রাজিলের আদিবাসীদের সংগঠন। শুক্রবার তারা বিবৃতিতে বলেছে, ‘ভাইরাসটি বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে সংক্রমিত করেছে। অন্তত ৩৮টি আদিবাসী অঞ্চলে এটি ছড়িয়েছে।’

এপিআইবির জরিপ অনুযায়ী, করোনায় এখন পর্যন্ত ৪৪৬ জন আদিবাসী আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯২ জন। ভুক্তভোগীদের অধিকাংশ আমাজনের।

আল-জাজিরা জানিয়েছে, ব্রাজিলে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার মানুষ নতুন এই ভাইরাসটিতে মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ২০ হাজারের মতো।

ব্রাজিলের গহীন আমাজনে খনি শ্রমিকদের অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে এই ভাইরাস প্রথম আদিবাসীদের মধ্যে ছড়ায় বলে জানিয়েছে দ্য সোসিও এনভায়রনমেন্টাল ইন্সটিটিউট (আইএসএ)।

মূলত শুরু থেকে যথাযথ ব্যবস্থা না নেওয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ব্রাজিল। এমনকি সে দেশের হাসপাতালগুলোর লাশঘরে নতুন করে আর কারো মরদেহ রাখা সম্ভব হচ্ছে না। লাতিন আমেরিকার এই দেশটি নতুন হটস্পট হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আগেই সতর্ক করেছে।

সেখানকার চিকিৎসকরা বলছেন, চিকিৎসা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। কোনো হাসপাতাল বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর চাপ সামলানোর মতো পরিস্থিতিতে নেই।

বিশেষজ্ঞরা মনে করছেন, দেরিতে করোনাভাইরাস পরীক্ষা করার জেরে এটি আরো ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে। আরো আগে টেস্ট শুরু করা সম্ভব হলে আক্রান্ত ও মৃতের হার কমিয়ে রাখা যেত।