ডিএমপির যুগ্ম কমিশনার শাফিউর রহমানের নেতৃত্বে আক্রান্ত সদস্যদের পরিদর্শন

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খবর রাখছেন। বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দিচ্ছেন তারা।

আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে পুলিশ কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তারা সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলছেন, তাদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছেন।

এর ধারাবাহিকতায় শনিবার ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। 

পরিদর্শক দল রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, হোটেল আরামবাগ, রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজ, বিজয়নগর হোটেল, ডিটেকটিভ ট্রেনিং স্কুল, ডিএমপির ট্রাফিক ব্যারাকে স্থাপিত অস্থায়ী চিকিৎসাকেন্দ্র ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে বিভিন্ন ইউনিটের চিকিৎসাধীন করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের দেখতে যান।

ডিএমপির ওফেলফেয়ার অ্যান্ড ফোর্স ডিভিশনের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, ডিএমপি সদরদপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আর এম ফয়েজুর রহমান পিপিএম, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আবু আশরাফ সিদ্দিকীসহ ডিএমপি সদরদপ্তরের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মো. আশিক হাসান ও সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) কে. এন. রায় নিয়তি তার সঙ্গে পরিদর্শন করেন।

বিশেষ এই টিম করোনা আক্রান্ত প্রতিটি পুলিশ সদস্যকে সরেজমিন পরিদর্শন করেন, তাদের সঙ্গে কথা বলেন এবং আক্রান্তদের চিকিৎসা সেবাসহ নানাবিধ সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

পরিদর্শন টিমের প্রধান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার জনাব শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম-সেবা বলেন, অত্যন্ত আন্তরিকভাবে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও অন্যান্য সেবা প্রদান করা হচ্ছে।

চিকিৎসকদের বরাত দিয়ে ডিএমপির এ কর্মকর্তা জানান, আক্রান্তরা বড় কোনো অসুবিধা ছাড়াই সেরে উঠছেন। তাদের মধ্যে কিছু সদস্য ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন এবং তারা তাদের পরিবারের কাছে ফিরে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।

তিনি আরো জানান, আক্রান্ত পুলিশ সদস্যদের মনোবল যথেষ্ট চাঙ্গা রয়েছে।
এ সময় পরিদর্শক দল আক্রান্তদের বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদের কল্যাণধর্মী ব্যবস্থা সম্পর্কে অবগত করেন এবং

ডিএমপি কমিশনার মো. শফিকুল ইসলামের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

বিশ্বময় মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে জনগণের পাশে ছিলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। জনগণকে নিরাপদ রাখতে সম্ভাব্য সবকিছু করেই ফ্রন্ট-ফাইটার বা সম্মুখযোদ্ধা খেতাব পেয়েছেন পুলিশের অকুতোভয় সদস্যরা। মানুষকে বাঁচাতে নিজেরাও আক্রান্ত হয়েছেন ব্যাপকভাবে।

দেশে এখন পর্যন্ত আক্রান্ত পুলিশ সদস্য দুই হাজারের বেশি। এর বেশিরভাগই ডিএমপিতে কর্মরত।