সাতক্ষীরায় ঢাকা ফেরত গার্মেন্টসকর্মীর করোনা শনাক্ত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঢাকা ফেরত গার্মেন্টসকর্মী যুবকের (৩৭) করোনা শনাক্ত হয়েছে। শনিবার করোনা রিপোর্ট পজিটিভ আসে ওই যুবকের।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, চন্দনপুর ইউনিয়নের দাড়কি গ্রামের ওই যুবক ও তার স্ত্রীর নমুনা ১২ মে সংগ্রহ করে ১৩ মে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। আজ তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। ইউএনও, ওসি ও সংশ্লিষ্টদের নিয়ে আমরা সেখানে যাচ্ছি। ওই ব্যক্তির সংস্পর্শে আসা পরিবারগুলো লকডাউন করা হবে।

চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি বলেন, দাড়কি গ্রামের ওই যুবক স্ত্রীকে নিয়ে সম্প্রতি ঢাকা থেকে বাড়িতে আসেন। সংবাদ পেয়ে মোবাইল ফোনে তাকে করোনা টেস্টের জন্য নমুনা দিতে কলারোয়া যেতে অনুরোধ করি। সেই মোতাবেক নমুনা দিয়ে আসার পর আজ তার পজিটিভ রিপোর্ট এসেছে বলে হাসপাতাল থেকে আমাকে জানিয়েছে। আমরা তার সংস্পর্শে আসা ব্যক্তিদের বাড়ি লকডাউন করার প্রস্তুতি নিচ্ছি।

এদিকে, মোবাইল ফোনে করোনা আক্রান্ত যুবক জানান, সে ঢাকার একটি গার্মেন্টসের বায়িং হাউসে চাকরি করেন। স্ত্রীকে নিয়ে থাকেন সাভারে। গত ১০ মে গ্রামের বাড়ি দাড়কি আসেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান তাকে করোনা টেস্ট করাতে বললে স্ত্রীসহ তিনি ১২ মে নমুনা দেন। আজ চেয়ারম্যান তাকে ফোনে জানিয়েছেন আমার করোনা পজিটিভ রেজাল্ট এসেছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত জ্বর, সর্দি, কাশি, গলা ব্যথা বা করোনার কোনো উপসর্গ টের পাচ্ছি না। তবে যেহেতু পজিটিভ রিপোর্ট এসেছে সেহেতু এর থেকে উত্তরণের জোর চেষ্টা করব। সকলে আমার জন্য দোয়া করবেন।