আরো দুই বছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্বে থাকছেন ইংলিশ কোচ জেমি ডে। তার সঙ্গে তৃতীয় মেয়াদে দুই বছরের নতুন চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মৌখিকভাবে সব প্রক্রিয়া চূড়ান্ত। আগামী সপ্তাহেই দুই পক্ষের মধ্যে সম্পন্ন হতে পারে বাকি আনুষ্ঠানিকতা।
জেমি প্রথম দফায় বাংলাদেশ দলের দায়িত্ব নেন ২০১৮ সালের ১৭ মে। গত বছর সেই চুক্তি আরো এক বছরের জন্য নবায়ন করা হয়। যার শেষ দিন ছিল শুক্রবার।
তবে জেমির সঙ্গে নতুন চুক্তির আভাস ছিল বেশ আগে থেকেই। এই ইংলিশ কোচের পারফরম্যান্সে বেশ খুশিই ছিল বাফুফে। শেষ পর্যন্ত দুই পক্ষের সম্পর্ক টিকছে আরো বেশ কিছু দিন। বাংলাদেশ দলে জেমি অধ্যায়ও বড় হচ্ছে তাতে।
জেমি দায়িত্ব নেওয়ার পর জাতীয় দল যে ১৯ ম্যাচ খেলেছে, তার মধ্যে জয় ৮ টিতে। হার ৯টি, অন্য দুই ম্যাচ ড্র হয়। জেমির অধীনেই অলিম্পিক দল ২০১৮ এশিয়ান গেমসে দেশের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো দ্বিতীয় পর্বে খেলে।
তবে আছে বড় ব্যর্থতাও। ঘরের মাঠে ২০১৮ সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালেও উঠতে পারেনি বাংলাদেশ। গত বছর শেষে দিকে এসএ গেমসে পারেনি পদকের খরা ঘোচাতে।
জেমির সঙ্গে বাফুফের নতুন চুক্তি হবে আগামী ১৬ আগস্ট থেকে। অর্থাৎ ১৬ মে থেকে ১৫ আগস্ট এই তিন মাস বাফুফের সঙ্গে এক অর্থে ছাড়াছাড়ি থাকবে জেমির।
করোনাভাইরাসের কারণে কোনো খেলা না থাকায় এই শর্তেই জেমির সঙ্গে নতুন চুক্তি করছে বাফুফে। নতুন মেয়াদে চুক্তির অন্যতম এজেন্ডাও ছিল এটি।