আমাজনের ৩৮ আদিবাসী সম্প্রদায় করোনায় আক্রান্ত

মহাবন আমাজনে বসবাসরত ৩৮টি আদিবাসী গোষ্ঠীর সদস্যদের মধ্যে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে বলে ব্রাজিলের ইনডিজেনাস পিপলস অ্যাসোসিয়েশনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে এএফপি। অ্যাসোসিয়েশনটি এক বিবৃতিতে জানায়, ব্রাজিলের মূল ভূখ- থেকে অনেক দ্রুতগতিতে ভাইরাসটি জঙ্গলে ছড়িয়ে পড়েছে। আমাজনের ব্রাজিল অংশে এখন পর্যন্ত ৪৪৬ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়েছে এবং তাদের মধ্যে ৯২ জনের মৃত্যু হয়েছে। তবে পরীক্ষার সংকটের কারণে ঠিক কতজনের শরীরে ভাইরাসটি সংক্রমিত হয়েছে তা এখনো জানা যায়নি। সম্প্রতি মানাউসে একটি সম্প্রদায়-প্রধান করোনায় মারা গেলে তার মরদেহ সৎকারের সময় আদিবাসীরা তাদের দুর্দশার কথা তুলে ধরেন। কোকামা নামের ৫৩ বছর বয়সী ওই নেতাকে প্লাস্টিকে মুড়িয়ে কফিনে ভরে মাটিচাপা দেওয়া হয়েছে। লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের মধ্যে করোনাভাইরাস ছড়িয়েছে।