ভারতে লকডাউনে ট্রাক দুর্ঘটনায় ৩০ অভিবাসী শ্রমিকের মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশে অভিবাসী শ্রমিকদের বহনকারী দুটি ট্রাকের সংঘর্ষে ৩০ জন নিহত ও ৩০ জনের বেশি আহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। গতকাল শনিবার স্থানীয় সময় ভোরের কিছু সময় আগে লক্ষ্মৌ থেকে ২০০ কিলোমিটার দূরের অরাইয়া জেলায় এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানিয়েছে রাজস্থান ও দিল্লি থেকে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ফিরতে অভিবাসী শ্রমিকরা ওই দুটি ট্রাকে চড়েছিলেন। এর মধ্যে একটি ট্রাক পণ্যবোঝাই ছিল। বাড়ি ফিরতে চাওয়া পরিযায়ী শ্রমিকরা ওই পণ্যসামগ্রীর বস্তার ওপরই বসেছিলেন।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জয় নারায়ণ সিং বলেন, ‘একটি ট্রাক থেকে কয়েকজন অরাইয়ার একটি ধাবায় চা খেতে নেমেছিলেন। থেমে থাকা ওই ট্রাকটিতেই অপর একটি ট্রাক ধাক্কা দেয়। যে শ্রমিকরা বস্তার ওপর বসে ছিলেন, তারা ছিটকে পড়েন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

দুর্ঘটনার পর অনলাইনে ছড়িয়ে পড়া বেশ কিছু ছবি ও ভিডিওতে আহত শ্রমিকদের সহায়তায় পুলিশ ও স্থানীয়দের এগিয়ে আসতে দেখা গেছে। উদ্ধার অভিযানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। অরাইয়াতে দুর্ভাগ্যজনক দুর্ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রী অবগত হয়েছেন। তিনি নিহত শ্রমিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিতে নির্দেশ দিয়েছেন।