মিঠাপুকুরে ফের চোলাই মদ খেয়ে দুজনের মৃত্যু

আবারও রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত চোলাই মদ পান করে দুই মদ্যপায়ীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়। অন্যজন শুক্রবার রাতে মদ সেবনের পর ঘটনাস্থলেই মারা যান।

নিহত দুজন হলেন, কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে আবদুস সামাদ (৫৫) ও একই ইউনিয়নের খোর্দ্দ মহদীপুর গ্রামের হাকিম মিয়ার ছেলে মোকছেদুল ইসলাম (৩৭)। এছাড়া, তাদের সাথে মদ খেয়ে অসুস্থ হয়ে পড়া আনছার আলী (৬৫) নামে অপর একজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, ওই তিনজন প্রায় সময় মাদক সেবন করত। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কোমরগঞ্জ বাজারে তারা একসঙ্গে বসে চোলাই মদ সেবন করে। এর কিছুক্ষণ পরই তাদের শরীরে বিষক্রিয়া শুরু হয়। ঘটনাস্থলেই আবদুস সামাদ মারা যান। গুরুতর অসুস্থ অবস্থায় মোকছেদুল ও আনছারকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মোকছেদুল মারা যান।

বিষয়টি নিশ্চিত করে মিঠাপুকুর থানা পুলিশের ওসি জাফর আলী বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিষাক্ত চোলাই মদ খেয়ে তারা মারা গেছেন। ময়নাতদন্তের পর  মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।।