এক দিনে পুলিশে সর্বোচ্চ ২৪১ জন করোনা শনাক্ত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪১ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। এটিই পুলিশ বাহিনীতে এক দিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। সব মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৮২। গতকাল শনিবার পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এসব তথ্য জানান।

জানা গেছে, আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যই ১ হাজার ৪১ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি। এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬১ জন।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ডিআইজি ড. হাসানুল হায়দার জানান, রাজারবাগ হাসপাতালে ৭৮০ জন পুলিশ সদস্য চিকিৎসাধীন। পুলিশে সুস্থ হওয়ার হার এখন বাড়ছে। এটা ভালো লক্ষণ।

পুলিশ সূত্রে জানা গেছে, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও ইমপালস হাসপাতাল, ট্রাফিক ব্যারাক চিকিৎসা কেন্দ্র ও রাজারবাগ স্কুল অ্যান্ড কলেজকে রিকভারি সেন্টার করা হয়েছে। উপসর্গ থাকা বা আক্রান্তদের সংস্পর্শে ছিলেন এমন সদস্যদের বিভিন্ন পুলিশ লাইনস থেকে সরিয়ে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল, দিয়াবাড়িতে প্রস্তাবিত পুলিশ লাইনসের অস্থায়ী ক্যাম্প, রায়েরবাজার পুলিশ ফাঁড়িসহ ৩৫-৪০টি পৃথক জায়গায় রাখা হয়েছে। ৫০ বছরের বেশি বয়সের সদস্যদের খুব প্রয়োজন না হলে থানার বাইরে ডিউটিতে পাঠানো হচ্ছে না। তিন বা কোথাও চার ধাপে ভাগ করে ফোর্সদের ডিউটি করানো হচ্ছে। যাতে এক গ্রুপ সংক্রমিত হলেও অন্যরা মুক্ত থাকেন। অসুস্থ পুলিশ সদস্যদের দেখাশোনার জন্য গঠন করা হয়েছে  ‘বিশেষ টিম’।