জীবন বেঁচে থাকলে জীবিকা হবে : মোশাররফ

করোনা পরিস্থিতিতে দেশবাসীকে স্বাস্থ্যবিধি অনুযায়ী সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জীবন প্রথম, বেঁচে থাকলে জীবিকা হবে।

গতকাল শনিবার অনলাইনে ‘প্রাসঙ্গিক সংলাপ’ অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে তিনি আরও বলেন, ‘সামনে ঈদুল ফিতর। ঈদের কেনাকাটা করার ব্যাপারে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। সরকার লকডাউন শিথিল করলেও জীবনটা আমার আপনার। তাহলে কেন আমরা অবিবেচকের মতো কাজ করছি?’

বিএনপির কমিউনিকেশন সেলের প্রধান সম্পাদক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের পরিচালনায় এই অনুষ্ঠানের প্রথম পর্ব ছিল গতকাল। অনুষ্ঠান থেকে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা অংশ নিয়ে দেশি-বিদেশি সবার উদ্দেশে দলের নীতিনির্ধারণী অবস্থান তুলে ধরবেন। এ বিষয়ে জহির উদ্দিন স্বপন বলেন, প্রচলিত তর্কবিতর্কের বাইরে গণতান্ত্রিক রাজনীতিতে এই সংলাপ ভিন্নমুখী নতুন উদ্যোগ। এটা বাংলাদেশে প্রথম কোনো রাজনৈতিক দলের উদ্যোগ। অনুষ্ঠানে বিএনপির করোনা বিষয়ক সেলের প্রধান উপদেষ্টা ড. মোশাররফ অভিযোগ করেন, সরকার করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছে।