রোকেয়া বিশ্ববিদ্যালয় না খোলা পর্যন্ত হলের সিট ভাড়া মওকুফ

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কর্তৃপক্ষ শিক্ষার্থীদের হলের (ছাত্রাবাস) সিট ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

গত ১৮ মার্চ থেকে যত দিন হল বন্ধ থাকবে, তত দিন পর্যন্ত সিট ভাড়া নেবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল।

প্রেস রিলিজে জানানো হয়, প্রভোস্ট কমিটির সুপারিশের আলোকে করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় গৃহীত বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল, শহীদ মুখতার ইলাহী হল এই তিন হলের আবাসিক শিক্ষার্থীদের সিট ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ১৮ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এরপর থেকে শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করছেন।

হোস্টেল ভাড়া মওকুফের দাবিতে শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করেন এবং হল প্রভোস্টদের অবহিত করেন। পরে কতৃপক্ষ  করোনাভাইরাসের সংকটকালীন পরিস্থিতিতে হলগুলোর নির্ধারিত সিট ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেন।

শহীদ মুখতার ইলাহী হলের আবাসিক শিক্ষার্থী সাখাওয়াত হোসেন বলেন, শিক্ষার্থীদের দুঃসময়ে বিশ্ববিদ্যালয়ের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার। বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত পরিবারের। এ সময়ে সিট ভাড়া মওকুফ করায় ভাড়া নিয়ে আমরা দুঃশ্চিন্তামুক্ত হলাম।

এ ব্যাপারে প্রভোস্ট কমিটির সদস্য-সচিব ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান বলেন, মহামারী করোনাভাইরাসের কারণে দেশের এই সংকটকালে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে প্রভোস্ট কমিটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ছুটির সময় সিট ভাড়া মওকুফের সুপারিশ করেছে।

এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে।