আনুশকার ওয়েব সিরিজ দেখে কোহলি, 'মাস্টার পিস'

পরপর তিনটি সিনেমা বানিয়ে প্রযোজক হিসেবে নিজের ভিন্ন রুচির পরিচয় দিয়েছিলেন আনুশকা শর্মা। এবার ডিজিটাল মাধ্যমে পা রেখেই বাজিমাত করলেন।

আমাজন প্রাইমের জন্য নায়িকা প্রযোজিত ‘পাতাল লোক’ এখন দর্শক পছন্দের শীর্ষে রয়েছে। অনুরাগ কাশ্যপের মতো নির্মাতা টুইট করে জানিয়েছেন, ভারতে নির্মিত সেরা ওয়েব সিরিজ এই ‘পাতাল লোক’।

স্ত্রীর নতুন ভেঞ্চারে মজেছেন ক্রিকেটার বিরাট কোহলিও। স্ত্রীর অভিনয় বরাবরই পছন্দ তার। তবে প্রযোজক হিসেবেও এবার স্বামীর মন কেড়েছেন আনুশকার। ফের স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ কোহলি।

‘পাতাল লোক’ দেখে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, “একটু আগেও পুরো সিরিজটা শেষ করলাম। চিত্রনাট্য থেকে অভিনয় সবকিছুই অনবদ্য। যাকে বলে মাস্টার পিস। আপনাদের দেখালাম কীভাবে আমি শোটা দেখেছি। এবার মানুষ কতটা ভালোবাসে, সেটাই দেখার। এমন একটা শো সুন্দরভাবে প্রযোজনা করেছ যে আমি তোমার জন্য গর্বিত আনুশকা।”

১৪ মে আমাজন প্রাইমে ওয়েব সিরিজটি মুক্তির কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেন উচ্ছ্বসিত প্রযোজক-অভিনেত্রী। আর প্রিমিয়ারের কয়েক ঘণ্টায় ট্রেন্ডিংয়ের শীর্ষে পৌঁছে যায় ‘পাতাল লোক’। অনেকে একে আমাজনের ‘সেক্রেড গেম’ বলেও প্রশংসা করেছেন।