চট্টগ্রামের ফটিকছড়িতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বজল আহমদ (৭৯) নামে এই প্রথম মৃত এক ব্যক্তির লাশ দাফন করা হয়েছে।
রবিবার উপজেলার নাজিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের এবিসি এলাকায় তার লাশ দাফন করে প্রশাসনের লোকজন।
এর আগে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে শনিবার রাত ৮টায় আইসিইউতে তিনি মারা যান।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মৃত ব্যক্তির বাড়ি ফটিকছড়িতে হলেও তিনি চট্টগ্রাম নগরীর লালখান বাজারে নিজস্ব বাসভবনে পরিবারসহ দীর্ঘদিন ধরে বাস করছেন।
পরিবারের সসদস্যরা জানান, এক সপ্তাহ ধরে তিনি জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন।
গত শুক্রবার রাত ৩টায় করোনা উপসর্গ নিয়ে তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
শনিবার রাত ৮টায় হাসপাতালটির আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
রবিবার দুপুরে তাকে ফটিকছড়ির এবিসি এলাকায় দাফন করা হয়। তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম নগরীর বাসবভনে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।