করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের মেস ভাড়া মওকুফের জন্য জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রতিনিধিদের কাছে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রবিবার উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর নির্দেশে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত চিঠিগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট প্রেরণ করা হয়।
জানা যায়, কুমিল্লা- ৬ আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান গোলাম সারওয়ার এবং সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিনের নিকট এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, করোনার কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় গত ১৮ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীরা আবাসিক হল ও মেসসমূহ ত্যাগ করে যার যার স্থায়ী ঠিকানায় চলে যায়।
আবাসিক ব্যবস্থার অপ্রতুলতার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রায় চার হাজার শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা, কোটবাড়ি, কুমিল্লা নগরীসহ অন্যান্য এলাকায় মেস ভাড়া করে থাকে। মার্চ মাসের অর্ধাংশ, এপ্রিল ও মে মাসে শিক্ষার্থীরা মেসে অবস্থান করেননি। তথাপিও মেস মালিকরা শিক্ষার্থীদের মেস ভাড়ার জন্য চাপ প্রয়োগ করে যাচ্ছে। করোনাকালীন এ পরিস্থিতিতে দরিদ্র শিক্ষার্থীদের পক্ষে ভাড়া প্রদান করা সম্ভব নয়। অধিকাংশ ছাত্র-ছাত্রী টিউশনি করে পড়ার খরচ চালালেও এ পরিস্থিতিতে টিউশনি করতে পারছে না। কাজেই করোনাকালীন সময়ে সকল শিক্ষার্থীদের মেস ভাড়া সম্পূর্ণ মওকুফ করা খুবই জরুরি।