চীনে দ্বিতীয় ধাপে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়ার আশঙ্কা জানিয়েছেন সেদেশের শীর্ষস্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ঝং নানশান। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, চীনের মানুষের রোগ-প্রতিরোধ ক্ষমতা কম, আর সে কারণে এমন আশঙ্কা তৈরি হয়েছে।
করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসায় স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে চীনের মানুষ। লকডাউন শিথিল করা হয়েছে এবং কিছু স্কুল ও কারখানা খুলে দেওয়া হয়েছে। তবে এ নিয়ে একেবারেই নিশ্চিন্তে না থাকার পরামর্শ দিয়েছেন ঝং নানশান।
চীনে দ্বিতীয় ধাপে করোনার প্রকোপ ছড়িয়ে পড়া নিয়ে সতর্ক করেছেন তিনি। গত কয়েক সপ্তাহে চীনে নতুন করে আক্রান্ত বাড়ছে। বিশেষ করে উহান, উত্তর-পূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে এবং জিলিনে আক্রান্ত বাড়তে শুরু করেছে।
নানশান বলছেন, এই মুহূর্তে যেসব চীনা নাগরিক কভিড-১৯ এ আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে অধিকাংশই রোগপ্রতিরোধ ক্ষমতার অভাবেই আক্রান্ত হচ্ছেন। রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। তিনি বলেন, ‘আমরা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছি। এ মুহূর্তে আমাদের অবস্থা অন্য দেশের তুলনায় ভালো বলে আমি মনে করি না।’