আজ থেকে স্পেন ও ইতালিতে শুরু হচ্ছে ফুটবলারদের দলগত অনুশীলন। সিরি’আ এর ক্লাবগুলো আজ থেকে দলগত অনুশীলন শুরু করতে পারবে তা আগেই জানিয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী। আর লা লিগা খেলোয়াড়দের দলগত ট্রেনিংয়ের খবর, এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম।
রয়টার্স এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, লা লিগা কমিটি দলগুলোকে বলেছে সোমবার থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে তারা। এক গ্রুপে সর্বোচ্চ ১০ জন ফুটবলার থাকবেন। স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবলাররাও করতে পারবেন গ্রুপ অনুশীলন। এপি জানিয়েছে, যে সব অঞ্চলে লকডাউন বেশি শিথিল করা আছে, সেখানকার দলগুলো গ্রুপে ১৪ জন করে খেলোয়াড় অনুশীলন করতে পারবেন। সে সব জায়গায় দূরত্ব বজায় রেখে টিম মিটিংয়েরও অনুমতি মিলেছে।
সম্প্রতি করোনা টেস্ট করিয়ে ব্যক্তিগত অনুশীলন শুরু করেছিল স্প্যানিশ ক্লাবগুলো। ব্যক্তিগত অনুশীলন শুরুর আগে স্পেনের দুই শীর্ষ লিগে মোট ৫ জন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছিলেন। দলগত অনুশীলনেও কঠোর সতর্কতা নেওয়া হবে করোনা থেকে নিরাপদে থাকার বিষয়ে। স্থগিত থাকা লা লিগা ১২ জুন থেকে শুরুর চিন্তাভাবনা চলছে।
এখনো নিশ্চিত নয় ইতালিতে লিগ কবে মাঠে ফিরবে। পর্তুগাল থেকে ৪ মে ইতালিতে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৪ দিনে কোয়ারেন্টাইন শেষে আজই তাকে প্রথম দেখা যেতে পারে অনুশীলনে। ইন্টারনেট।