চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার খন্দকার পাড়ায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সোমবার সকালে আকতার হোসেন (৪২) নামে এক ব্যক্তি মারা গেছেন।
তিনি বাঁশখালী পৌরসভার ৫নং ওয়ার্ড়ের খন্দকার পাড়ার মৃত আজিম উল্লাহর ছেলে।
জানা গেছে, চট্টগ্রাম শহরে একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করা আকতার হোসেন ১০ দিন আগে বাড়িতে আসেন। আসার পর বেশ কয়দিন থেকে জ্বর, বুকের ব্যথাসহ অন্যান্য উপসর্গ নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন।
রবিবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সোমবার ভোরে আকতার হোসেন মারা যান।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত সহকারী সার্জন ডা. সওগাতুল ইসলাম জানান, হাসপাতালেই কিছুক্ষণের মধ্যে আকতার হোসেন মারা যান। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে আজকেই পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের জন্য প্রক্রিয়া করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে হাসপাতাল সূত্রে জানা গেছে, বাঁশখালীতে এ পর্যন্ত করোনা শনাক্ত ১৭ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩জন, হোম কোয়ারেন্টাইনে আছেন ১৪ জন।