যুক্তরাজ্যে নভেল করোনাভাইরাসে আক্রান্তের তালিকা থেকে হাজার হাজার লোক বাদ পড়ার আশঙ্কা করা হচ্ছে। বিবিসিকে এই কথা জানিয়েছেন কিংস কলেজ লন্ডনের বিশেষজ্ঞ অধ্যাপক টিম স্পেকটার।
তিনি বলেন, করোনার সম্ভাব্য উপসর্গগুলো হালনাগাদ না করায় আক্রান্তের তালিকা থেকে ৭০ হাজার ব্যক্তি বাদ পড়ে গেছে বলে ধারণা করছি।
যুক্তরাজ্যের কভিড সিম্পটম ট্র্যাকার অ্যাপের সঙ্গে যুক্ত আছেন অধ্যাপক স্পেকটরের নেতৃত্বে একটি দল।
তারা দেখেছেন, করোনা পজিটিভের জন্য অন্তত ১৪টি উপসর্গ সনাক্ত করা গেছে। কিন্তু যুক্তরাজ্য এখনো শুধু কফ এবং জ্বরকেই করোনার উপসর্গ হিসেবে গুরুত্ব দিচ্ছে।
অধ্যাপক স্পেক্টর বলেন, পুরো দেশে ৫০ হাজার থেকে ৭০ হাজার মানুষের সংক্রমিত হওয়ার ঘটনা বাদ পড়ে থাকতে পারে। যাদের মধ্যে পেশী ব্যাথা, ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলা এমনকি অবসাদজনিত উপসর্গগুলো ছিল। অন্য দেশে করোনা আক্রান্তের জন্য এই উপসর্গগুলোকেও গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, যুক্তরাজ্য সরকার এই সব উপসর্গ এড়িয়ে গেছে। কিন্তু এটি মানুষকে আরও ঝুঁকিতে ফেলে দিয়েছে এবং মহামারিকে অব্যাহত রাখছে
যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুসারে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত দুই লাখ ৪৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের তালিকায় দেশটির অবস্থান তৃতীয়তে। তার আগে আছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
এ ছাড়া দেশটিতে মারা গেছেন ৩৪ হাজার ৭১৬ জন ব্যক্তি। মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রের পরেই যুক্তরাজ্যের অবস্থান।