করোনা চিকিৎসায় মাইক্রোবাস উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তায় নিজ জেলা গাজীপুরে দুটি মাইক্রোবাস উপহার দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

সোমবার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে কোভিড-১৯ নমুনা সংগ্রহ করার জন্য একটি এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত ডাক্তার-নার্সদের যাতায়াতের জন্য আরো একটি মাইক্রোবাস প্রদান করেছেন।

গাজীপুর সার্কিট হাউজে গাজীপুরের জেলা প্রশাসক ও সিভিল সার্জনের নিকট চাবি প্রদান করেন প্রতিমন্ত্রী।

এসময় তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের সময় প্রতিপক্ষ দৃশ্যমান ছিল, তাই সবাই যুদ্ধ করতে পেরেছিল। কিন্তু দেশে যে মহামারি দেখা দিয়েছে এটি একটি অদৃশ্য শক্তি। এখানে যুদ্ধ করতে ঢাল তলোয়ার দিয়ে কাজ হবে না। এখানে জনসচেতনতা ও স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে।’

‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই ভাইরাস কে প্রতিহত করতে আমাদের নিরাপত্তা বাহিনী, আমাদের ডাক্তার নার্স সবাই এক সাথে কাজ করছে। পাশাপাশি আমরা কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।