সাভারে গত ২৪ ঘণ্টায় ৪৮ জনের নমুনা সংগ্রহ করে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) ল্যাবে পাঠানো হয়। সোমবার এসব নমুনা পরীক্ষা করে ৩২ জনের করোনা ‘পজিটিভ’ পাওয়া যায়। দু'দিন বন্ধ রাখার পর তারপরও দুটি শপিংমল খোলার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
উপজেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী মঙ্গলবার থেকে ঈদের কেনাকাটার জন্য সাভার সিটি সেন্টার ও হেমায়েতপুর এলাকার লালন টাওয়ার খুলে দেওয়া হবে।
সোমবার বিকেলে করোনাভাইরাসে পোশাক শ্রমিক আক্রান্ত হওয়ার ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে উপজেলা হলরুমে বিভিন্ন কারখানার মালিকদের নিয়ে আয়োজিত জরুরী সভায় এ সিদ্ধান্ত হয়।
এ ছাড়া ওই সভা থেকে পোশাক কারখানার মালিকদের সরকারী নির্দেশ মোতাবেক কারখানায় নিয়ম মেনে শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করে কারখানা পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়।
শ্রমিক আক্রান্তের ঘটনায় কারখানা মালিকদের নিজস্ব ব্যবস্থায় আইসোলেশন চালুরও আহ্বান জানানো হয়।
এ জরুরী সভায় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমানসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এখন পর্যন্ত সাভার উপজেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯২ জনে এবং এক নারীসহ মোট মৃতের সংখ্যা চার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন।
নতুন আক্রান্তদের মধ্যে পুলিশের একজন এএসআই, শিল্প পুলিশের পাঁচ সদস্য, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক স্বাস্থ্যকর্মী ও এক সুইপারসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালের পাঁচ কর্মচারী ও কয়েকজন পোশাককর্মী রয়েছেন।