আরও দুজন সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করেছে। এ দুজনকে আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্তী এবং পরিকল্পনা বিভাগের সচিব মো. নুরুল আমিনকে সিনিয়র সচিব করা হয়েছে। এ নিয়ে সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১২।
সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি। ২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে সিনিয়র সচিবের পদ চালু করে।
সড়ক পরিবহন সচিব নজরুল ইসলামের চুক্তির মেয়াদ বাড়ল : সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের চুক্তির মেয়াদ আরও দুই বছর বেড়েছে। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এই কর্মকর্তার চুক্তির মেয়াদ আগামী ৪ জুন শেষ হওয়ার কথা। তাই আগামী ৫ জুন বা যোগদানের তারিখ থেকে এই মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে।
পরিকল্পনা কমিশনের সদস্য থাকার সময় ২০১৭ সালের ১২ অক্টোবর সড়ক পরিবহন বিভাগের সচিব পদে নিয়োগ পান নজরুল ইসলাম। ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজরুল ইসলামের ২০১৮ সালের ৪ জুন পিআরএলে যাওয়ার কথা ছিল।