করোনা মহাদুর্যোগে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানো দেখেই আওয়ামী লীগ সরকার প্রতিহিংসায় মরে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘বিএনপি সারা দেশের অসহায় দুস্থ কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে। এ প্রতিহিংসায় ভুগছে সরকার। এ কারণে আমাদের নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। গুম করা হচ্ছে। এটা কোনো সরকারের নিদর্শন হতে পারে না। যারা ফ্যাসিবাদী, স্বৈরাচার মানুষের কথা শুনতে পারে না তারা এ ধরনের জঘন্য কাজ করতে পারে।’
গতকাল সোমবার রাজধানীর শংকরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালামের তত্ত্বাবধানে ত্রাণ বিতরণের সময় রুহুল কবির রিজভী এসব কথা বলেন। এ সময় বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ লাখ মানুষকে আর্থিক সহায়তা করবে। এখানেও চলছে বাটপারি। ৪০ জনের টাকা যাবে একজনের বিকাশ নাম্বারে এবং সেটা মেম্বারের একজন লোকের। সেখানে দেখা যাচ্ছে গরিব মানুষের নাম নেই। এখানেও গরিব অসহায় মানুষ বঞ্চিত হচ্ছে। সব তাদের আত্মীয়স্বজনের নাম। তাহলে যারা গরিব মানুষের টাকা চুরি করে আত্মসাৎ করে এরা কি মানুষ? এদের জনগণের প্রতি কোনো মায়া থাকতে পারে না। এদের মানুষের প্রতি কোনো দরদ নেই বলেই আজকে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।৬