ভার্চুয়াল শুনানি

জামিন পেলেন ৩৬৩৩ জন

ঢাকাসহ দেশের বিচারিক আদালতগুলোতে ভার্চুয়াল শুনানি শেষে গতকাল সোমবার আরও ৩ হাজার ৬৩৩ আসামি জামিন পেয়েছেন। গতকাল সন্ধ্যায় সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল বিচারিক আদালতগুলোতে ৫ হাজার ৭৩০টি জামিনের আবেদন নিষ্পত্তি করে ৩ হাজার ৬৩৩ জনকে জামিন দেন বিচারকরা। গত রবিবার ৩ হাজার ৪৪৭ আসামি জামিন পান। এর আগে গত ১৪ মে বিচারিক আদালতে ভিডিও কনফারেন্সে শুনানি শেষে ১ হাজার ৮২১, ১৩ মে ১ হাজার ১৩ এবং ১২ মে ১৪৪ আসামি জামিন পান। এ নিয়ে বিচারিক আদালতে গত কয়েক দিনে ভিডিও কনফারেন্সে শুনানির মাধ্যমে মোট ১০ হাজার ৫৮ আসামি জামিন পেলেন।

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার নির্ধারিত ছুটির মধ্যে আইনজীবী, সাক্ষী ও আসামিদের শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরু হয় গত ১১ মে। এর আগে ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে মন্ত্রিসভার বৈঠকে ‘আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার অধ্যাদেশ ২০২০’-এর খসড়া অনুমোদন লাভের পর ৯ মে এ সম্পর্কিত অধ্যাদেশ জারি করা হয়। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী, বিচারিক আদালতে আপাতত আসামিদের জামিন শুনানি হচ্ছে। একই সঙ্গে হাইকোর্টে একাধিক ভার্চুয়াল বেঞ্চে অতি জরুরি ফৌজদারি, দেওয়ানি, রিট মামলাসহ বিভিন্ন মামলার শুনানি ও আদেশ হচ্ছে। সরকারঘোষিত ছুটি ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ‘প্র্যাকটিস ডাইরেকশন’ অনুসরণ করে সুপ্রিম কোর্ট ও বিচারিক আদালতে বিচার কার্যক্রম এভাবে পরিচালিত হবে বলে জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। ভার্চুয়াল আদালত ব্যবহারের বিষয়ে আইনজীবীদের জন্য ‘আমার আদালত : ভার্চুয়াল কোর্টরুম ব্যবহার ম্যানুয়াল’ নামে একটি নির্দেশিকা প্রকাশের পাশাপাশি আদালত পরিচালনার জন্য একটি ওয়েব পোর্টালও চালু করে সুপ্রিম কোর্ট। এ পোর্টালের মাধ্যমে হচ্ছে মামলার আবেদন ও শুনানি।