বেলজিয়ামের প্রধানমন্ত্রীর দিকে পেছন ফিরে দাঁড়িয়ে অভিনব প্রতিবাদ জানিয়েছেন দেশটির রাজধানী ব্রাসেলসের একটি হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্মীরা। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী সোফি উইলমেস ব্রাসেলসের সেন্ট-পিয়েরে হাসপাতাল পরিদর্শনে এলে এভাবে প্রতিবাদ জানান তারা। বেলজিয়ামে নভেল করোনাভাইরাসে মৃত্যুর হার বিশ্বের দেশগুলোর মধ্যে অন্যতম। চিকিৎসকরা মনে করেন, প্রশাসনের সিদ্ধান্তহীনতা করোনা মোকাবিলায় নেতিবাচক প্রভাব ফেলেছে। এ নিয়ে তুমুল সমালোচিত দেশটির সরকার। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। এর আগে বেলজিয়ামের প্রধানমন্ত্রী বলেছিলেন, করোনায় আক্রান্তের সঠিক সংখ্যার চেয়ে হয়তো বাড়িয়ে বলা হচ্ছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ২৮০। প্রাণ হারিয়েছে ৯ হাজার ৫২ জন।
বেলজিয়ামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের প্রথম থেকেই চিকিৎসা দিয়ে আসছে সেন্ট-পিয়েরে হাসপাতাল।