বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৩০ দিনের আল্টিমেটাম দিলেন ট্রাম্প

করোনাভাইরাস মহামারির প্রেক্ষাপটে চীন ঘেঁষা হওয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচ’র প্রতি ক্ষোভের বিস্ফোরণ ঘটালেন ডোনাল্ড ট্রাম্প। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এক চিঠিতে জানিয়েছেন, ৩০ দিনের মধ্যে সংস্থাটিতে ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ না দেখলে তাতে চিরতরে অনুদান বন্ধ করে দেবেন।

চীন প্রীতি, করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতা ইত্যাদি অভিযোগ তুলে এপ্রিলের মাঝামাঝিতে ডব্লিউএইচও’কে অনুদান কমিয়ে দেওয়ার ঘোষণা দেয় ওয়াশিংটন।

ট্রাম্পের অভিযোগ করোনাভাইরাসের ভয়াবহতা নিয়ে আগেভাগে পূর্বাভাস দিতে ব্যর্থ হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই মহামারির পেছনে চীনেরও হাত রয়েছে। বরাবরই ট্রাম্পের এমন দাবি প্রত্যাখান করে আসছে চীন সরকার ও ডব্লিউএএইচ’র প্রধান তেদ্রোস আধানম গাব্রিয়েসাস।

সোমবার ডব্লিউএইচও’র প্রধানকে আল্টিমেটামসহ অনুদান বন্ধের হুমকি দিয়ে দুই পৃষ্ঠার একটি চিঠির ছবি টুইট করেছেন ট্রাম্প। লিখেছেন- “এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ডা. তেদ্রোসকে পাঠানো হয়েছে। এটা নিজেই একটা ব্যাখ্যা!”

করোনা মহামারি মোকাবিলায় ডব্লিউএইচও’র ব্যবস্থাপনার খুঁতগুলো উদাহরণসহ ট্রাম্প তুলে ধরেছেন বলে জানিয়েছে এএফপি। এই মহামারি নিয়ে শুরুর দিককার প্রতিবেদনগুলো যে সংস্থাটি গ্রাহ্য করেনি এবং তাদের অতি চীন ঘেঁষা হওয়ার বিষয়গুলো তুলে ধরেছেন ট্রাম্প।

তেদ্রোস আধানমকে উল্লেখ করে চিঠিতে ট্রাম্প লিখেছেন- “মহামারি নিয়ে বারবার আপনি ও আপনার সংগঠনের ভুল পদক্ষেপের জন্য বিশ্বকে চড়া মূল্য দিতে হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঘুরে দাঁড়ানোর একমাত্র পথ কেবল চীন থেকে স্বাধীন হয়ে পরিচালিত হওয়া।”

“যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় ৩০ দিনের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না আসে তাহলে সংগঠনটিতে অনুদান কমিয়ে দেওয়ার অস্থায়ী সিদ্ধান্ত আমি স্থায়ী করব। সংগঠনটিতে আমাদের সদস্য থাকার ব্যাপারটিও পুনর্বিবেচনা করব।”

সোমবার দিনের শুরুতে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছিলেন তেদ্রোস আধানম। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেন, পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপের ঘাটতি থাকতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে স্বাধীন তদন্তে সবাইকে স্বাগত জানান আধানম।