বোনাসের দাবিতে উত্তরা আধুনিক হাসপাতালের চিকিৎসকদের মানববন্ধন

ঈদের বোনাসের দাবিতে রাজধানীর উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চিকিৎসকরা মানববন্ধন করেছেন। মঙ্গলবার হাসপাতালের সামনে অনেক চিকিৎসক সামাজিক দূরত্ব বজায় রেখে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। 

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উত্তরার এ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেও ধরেন তারা।

হাসপাতালটির চিকিৎসকদের অভিযোগে জানা যায়, তাদের বেতন দেওয়া হলেও বোনাস দেবে না বলে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে বৈশাখী ভাতাও তাদের দেওয়া হয়নি। সে সময় চুপ থাকলেও তারা বোনাস না দেওয়ার সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না বলে প্রতিবাদ করছেন।

বিজ্ঞপ্তিতে আরো অভিযোগ করা হয়, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক কভিড-১৯ এর চিকিৎসা দিতে গিয়ে এ রোগে আক্রান্ত হন। পরে তাদের পরিবারের সদস্যরাও এতে আক্রান্ত হন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো দায়িত্ব পালন করেনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন অধ্যাপক কাওসার পারভীন। তিনি ওই হাসপাতালের ডক্টরস অ্যান্ড টিচারর্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট।