সাভারে সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে দুটি মার্কেট খুলে দেওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করেন ব্যবসায়ীরা। পরে প্রতিবাদের মুখে মার্কেট দুটি বন্ধ করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, একটি মার্কেট কমিটি পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মানতে পারবে এমন শর্তসাপেক্ষে উপজেলা প্রশাসন ওই মার্কেট খোলার অনুমতি দিয়েছিল। এ ঘটনার প্রতিবাদে অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ করলে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। মার্কেট দুটি বন্ধ আছে।
ব্যবসায়ীরা জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১০ মে থেকে সীমিত পরিসরে মার্কেটগুলো খুলে দেওয়া হয়। তবে স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হওয়ায় পাঁচ দিনের মাথায় গত রবিবার ফের সব মার্কেট ও দোকানপাট বন্ধ রাখতে নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। পরে গত সোমবার বিকেলে তৈরি পোশাক মালিকদের সঙ্গে উপজেলা প্রশাসনের এক জরুরি সভায় এক সিদ্ধান্তে সব মার্কেট আগের মতোই বন্ধ রেখে শুধু সাভার সিটি সেন্টার ও হেমায়েতপুর এলাকার লালন টাওয়ার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য মার্কেটের ব্যবসায়ীরা। এর প্রতিবাদে গতকাল সকাল থেকে বিভিন্ন মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা সাভার নিউ মার্কেটের সামনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ এবং প্রশাসনের সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত উল্লেখ করে সব মার্কেট খুলে দেওয়ার দাবি জানান। তারা বলেন, হয় সব দোকান খুলে দিতে হবে, নয় তো কোনোটিই না। ব্যবসায়ীদের প্রতিবাদের পরে মার্কেট দুটি বন্ধ করে দেওয়া হয়।