ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে বাকিয়ার শেখ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরের এ সংঘর্ষে সাত পুলিশ সদস্যসহ অন্তত ২৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।
রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যান আজিজার রহমান জানান, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন মাস্টার ও বিএনপি সমর্থক ইউপি সদস্য ইলিয়াস শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দুপুরে রুপাপাত গ্রামে দুপক্ষ সংঘর্ষে জড়ায়। এ সময় মোশাররফ হোসেনের সমর্থক ওই গ্রামের বাকিয়ার শেখ নিহত হন। সংঘর্ষে বাকিয়ারের ভাই আতিয়ার শেখসহ ২০ জন আহত হয়েছে।
বোয়ালমারীর থানার ওসি আমিনুর রহমান জানান, গতকাল দুপুরে উপজেলার রুপাপাত ইউনিয়নে আধিপত্য নিয়ে মোশাররফ গ্রুপ ও ইলিয়াস মেম্বর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।