যুক্তরাষ্ট্র যদি সবার আগে করোনার কোনো কার্যকরী ভ্যাকসিন বানিয়ে ফেলতে সক্ষম হয় তাহলে সেটি দ্রুত বিশ্বকে দিয়ে দেয়া হবে বলে এক মার্কিন শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন।
এ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভাষ্য, ভ্যাকসিন বানানোর ব্যবহারিক জ্ঞান বিশ্বের সঙ্গে ভাগাভাগি করা হলে যুক্তরাষ্ট্রের নাগরিকেরাই অগ্রাধিকার ভিত্তিতে এই ভ্যাকসিন পাবে।
তবে ফ্রান্স এবং চীনের দাবির সঙ্গে একমত হয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের (এনআইএইচ) প্রধান ফ্রান্সিস কলিন্স বলেন, ভ্যাকসিনটি অবশ্যই বিশ্বের সবার জন্য হওয়ার উচিত। বিশেষ করে আফ্রিকার দেশগুলোর জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেন।
বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, আমাদের যদি একটি ভ্যাকসিন কাজ করে। তাহলে আমি দ্রুত নিশ্চিত হতে চাই, এটি যাতে আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকাতেও সহজলভ্য হয়, এখন ব্রাজিলের দিকে তাকান।
ফ্রান্সিস কলিন্স বলেন, আমাদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আমরা বিশ্বের সবচেয়ে ধনী দেশ। শুধু নিজেদের দিকে খেয়াল রাখলে হবে না। এতে ভয়াবহ পরিনতি হবে।
৪২ বিলিয়ন বাজেট নিয়ে বিশ্বের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান এনআইএইচ করোনার ভ্যাকসিন আবিষ্কারে প্রাইভেট কোম্পানিগুলোর সঙ্গে কাজ করে যাচ্ছে।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে ৭০ এরও অধিক ভ্যাকসিন কর্মসূচি চলছে। বেশ কয়েকটি ভ্যাকসিনের ট্রায়াল সম্পন্ন হয়েছে। তবে এর মধ্যে বিশ্বজুড়ে করোনার মৃত্যুর সংখ্যা ৩ লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। মোট আক্রান্তের সংখ্যা ৫০ লাখ ছুঁইছুঁই।