ভারতের পশ্চিমবঙ্গের দিঘা উপকূলে আছড়ে পড়তে শুরু করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘আম্পান’। এরই মধ্যে গাছপালা উপড়ে পড়েছে। বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে পানি।
ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পরিচালক মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র অর্থাৎ চোখ বিকাল সাড়ে পাঁচটা নাগাদ অর্ধেকটা ঢুকে পড়ে স্থলভাগে। সাড়ে ছয়টার মধ্যে পুরো চোখই ঢুকে পড়বে স্থলভাগে।
আনন্দবাজার পত্রিকা জানায়, আম্পানের প্রভাবে ইতিমধ্যেই দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গা থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসতে শুরু করেছে।
হাওড়া এলাকায় ঝড়ে উড়ে যাওয়া টিনের আঘাতে মৃত্যু হয়েছে ১৩ বছরের এক কিশোরীর। মিনাখাঁ এলাকায় মাথায় গাছ পড়ে মৃত্যু হয়েছে আরেক নারীর।
বিভিন্ন জায়গায় ঘরবাড়ি ভেঙে পড়ার পাশাপাশি উড়ে গিয়েছে চাল। ভেঙে পড়েছে গাছপালা।উপকূল এলাকায় সমুদ্রের পানির উচ্চতা বেড়ে জলোচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।
সন্ধ্যা ছয়টার দিকে কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ১১২ কিলোমিটার। কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের অন্তত ৩০টি জায়গায় গাছ ভেঙে পড়েছে। এ ছাড়া একাধিক পোস্ট ভেঙে পড়ার খবরও পাওয়া গিয়েছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে।