ঢাকা-৫ আসনের ৬ হাজার পরিবারকে ঈদ সামগ্রী দিচ্ছেন রিপন

ঢাকা-৫ আসনের ৬ হাজার পরিবারের মধ্যে ঈদ সামগ্রী উপহার দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

বুধবার এই কর্মসূচীর প্রথম দিনে যাত্রাবাড়ী এলাকার কাজলায় সাড়ে তিন শত এবং ডেমরার কোনাপাড়া এলাকায় আড়াই শতসহ মোট ৬০০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় কামরুল হাসান রিপনসহ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণত সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদসহ সংগঠনের নেতা-কর্মী ও স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

জানা যায়, চলমান মহামারি করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নিয়মিত কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে আসছেন কামরুল হাসান রিপন।

ঈদ উপহারের মধ্যে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ কেজি সেমাই এবং হ্যান্ড স্যানিটাইজার।

এ প্রসঙ্গে কামরুল হাসান রিপন বলেন,  আমি ধার-দেনা করে করোনা ভাইরাস সংক্রমণের প্রথম থেকে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে নিয়মিত ত্রাণ দিয়ে আসছি। রোজা শুরুর প্রথম দিন থেকে রোজাদারদের মধ্যে ইফতার দিয়ে আসছি প্রতিদিন। এখন মানুষের ইনকাম নেই এবং অনেকের ঈদ সামগ্রী কেনার মতো সামর্থ্যও নেই। ঢাকা-৫ আসনে আমার বেড়ে ওঠা। এখানকার মানুষের সুখ, দুঃখ আবেগের সাথে আমি ছোট বেলা থেকে জড়িত। সে কারণে আমি এখানকার ৬ হাজার পরিবারের নাম লিস্ট করেছি।  আজ প্রথম দিন ৬ শত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করেছি। পর্যায়ক্রমে লিস্টকৃত পরিবারকে দেওয়া হবে।