রংপুরের মিঠাপুকুরে পিকআপের ধাক্কায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার চেংমারী ইউনিয়নের আকবপুর গ্রামের সাবু মিয়ার ছেলে লোকছার রহমান রিপুল (৩০) ও একই গ্রামের আবু তালেবের ছেলে মুকুল মিয়া (৩৫)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নিহত দুজন বাড়ি থেকে ব্যাটারিচালিত রিকশা ভ্যানযোগে মিঠাপুকুর উপজেলা সদরে আসছিলেন। পথিমধ্যে গড়ের মাথা নামক স্থানে মহাসড়কে ওঠার সময় রংপুরগামী একটি পিকআপ রিকশা ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুজন মারা যান।
মিঠাপুকুর থানা ও সি জাফর আলী বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।