তথ্যমন্ত্রী ধ. হাছান মাহমুদকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী বলেছেন, গরিবের ত্রাণ চুরি ও প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের তালিকায় বিত্তবানদের নাম দিয়ে টাকা আত্মসাৎ করা কোন ধরনের অপরাধ এবং কোন আইনে এসবের বিচার করবেন।
গতকাল বুধবার রাজধানীর রূপনগরে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের উদ্যোগে ত্রাণ বিতরণের এ অনুষ্ঠানে উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাকসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন আমার বক্তব্য নাকি ফৌজদারি অপরাধের শামিল। আমি বলতে চাই আমরা ঝুঁকির মধ্যেও নিজেদের টাকায় সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়িয়েছি। আর আপনারা নির্জন কক্ষে বসে বক্তব্য দিচ্ছেন। জনগণের টাকায় কেনা ত্রাণ তথাকথিত নির্বাচিত আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বার ও দলীয় লোকজন চুরি করছে, আত্মসাৎ করছে। এটা কোন ধরনের অপরাধের মধ্য পড়ে তা জানালে জনগণ উপকৃত হবে।’ তিনি বলেন, ‘মধ্যরাতে রাতের অন্ধকারে ভোটডাকাতি করে সরকার গঠন করলেন এটা কোন ধরনের অপরাধের মধ্যে পড়ে আপনার কাছে জানতে চাই। হাছান মাহমুদ আপনি ও আপনার দলের লোকেরা নির্জন কক্ষে বসে বিএনপির নামে গালাগালি করছেন। আর আমরা ঝুঁকির মধ্যেও মানুষকে সহায়তা করছি।’