বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয় (এসএমএমইউ) হাসপাতালে পরীক্ষার পর গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের কিট সরকারের অনুমতি পাবে বলে আশাবাদী কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গতকাল বুধবার রাজধানীর ধানমণ্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে এ কিট নিয়ে আয়োজিত এক বৈজ্ঞানিক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
ডা. জাফরুল্লাহ বলেন, ‘আমি শতভাগ নিশ্চিত যে কিট বিএসএমএমইউতে ট্রায়ালটি পাস করবে। কিন্তু অনুমতি নিয়ে আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিতে পারে।’
তিনি আরও বলেন, ‘প্রয়োজনীয়তা কোনো আইন জানে না, এই সংকটের মুহূর্তে যদি সরকারি সংস্থাগুলো এগিয়ে আসে, তবে ড. বিজন কুমার শীলের আবিষ্কার থেকে আরও বেশি লোক উপকৃত হবেন। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি অনেক সময় নিচ্ছে। সরকারের বিলম্বের কারণে অন্য বিজ্ঞানী উদ্ভাবক হিসেবে বিজনের কৃতিত্ব নিয়ে নিতে পারেন।’ এ সময় পর্যাপ্ত কিট উৎপাদনের জন্য ঋণ হিসেবে সরকারের কাছে ৫০ কোটি টাকা দাবি করেন ডা. জাফরুল্লাহ।
ড. বিজন শীল বলেন, ‘এই কিট অ্যান্টিবডি ও অ্যান্টিজেন উভয় পরীক্ষার জন্য তৈরি করেছেন।’