ময়মনসিংহে করোনাভাইরাসে শেফালী দাস (৫৪) নামের একজন মারা গেছেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাত সাড়ে ১২টায় তিনি মারা যান।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম জানান, শেফালী দাস চলতি মাসের শুরুর দিকে করোনা পজিটিভ হন। এরপর থেকে তিনি শহরের আমলাপাড়া এলাকায় নিজের বাসায় আইসোলেশনে ছিলেন। ১৩ মে তার নমুনা পরীক্ষা করা হলে তিনি করোনা নেগেটিভ হন। দ্বিতীয় দফায় আরেকবার তার নমুনা পরীক্ষার কথা ছিল।
তিনি জানান, আজ শেফালী দাসের নমুনা আবার পরীক্ষা করা হবে। মৃত্যুর আগে তার শ্বাসকষ্ট হলে অ্যাস্বুলেন্সে করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। তিনি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।