হাতিয়ায় আম্পানের আঘাতে ভেঙেছে বেড়িবাঁধ, বিধ্বস্ত কাঁচা ঘরবাড়ি

ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে হাতিয়ায় বেড়িবাঁধ ভেঙেছে। এছাড়া বেড়িবাঁধ না থাকায় বিভিন্ন ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, কাঁচাঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বিদ্যুতের খুঁটি ও গাছপালার ব্যাপক ক্ষতি হয়।

তমরদ্দি ইউপি চেয়ারম্যান ফররুক আহম্মেদ জানান, তমরদ্দি ইউনিয়নের ১, ৫ ও ৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে।

এছাড়া সুখচরের দেড় কিলোমিটার, নলচিরা ইউনিয়নে ১ কিলোমিটার ভেঙে গেছে।

চরকিং ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মদ জানান, চরকিং ইউনিয়নের শুল্লুকিয়া ও চরবগুলা গ্রামের বেড়িবাঁধ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া হাতিয়ার নিঝুমদ্বীপ, চরচেঙ্গা,চরঈশ^র ইউনিয়নের এবং কেরিংচর, বয়ারচর, নলেরচর, নঙ্গইল্যার চর, ঢালচরসহ বিভিন্ন চরাঞ্চল জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে।

উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, হাতিয়ায় আম্পানের আঘাতে প্রায় দুইশত কাঁচা ঘরবাড়ি আংশিক ও ৫০টি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়েছে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে।