সোনুর জন্য অভিনব উপহার

করোনার লকডাউনের শুরু থেকেই অসহায় মানুষদের পাশে রয়েছেন বলিউড ও দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেতা সোনু সুদ। হাজার হাজার মানুষের খাবারের ব্যবস্থার পাশাপাশি অভিবাসী শ্রমিকদের বাড়ি ফিরতে সাহায্য করছেন তিনি।

সম্প্রতি তার ব্যবস্থাপনায় মহারাষ্ট্র থেকে কর্ণাটক ও উত্তরপ্রদেশে নিজেদের বাড়িতে ফিরেছে কয়েকশ’ শ্রমিক।

অভিবাসী শ্রমিকদের জন্য সোনু যা করছেন, তা অভাবনীয়। ফলে নেটিজেনরা শোনুর প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন। সোনুর কাজে অনুপ্রেরণা পেয়ে অনেকেই উপহার দিতে চাইছেন। তাকে ভালোবেসে অন্যরকম কাজ করে ফেললেন সেলিব্রিটি শেফ বিকাশ খান্না।

নতুন একটি খাবারের ডিশ তৈরি করলেন বিকাশ খান্না। সোনু সুদের গ্রামের নাম অনুযায়ী ওই খাবারের নামকরণ করেছেনে ‘মোগা’।

বিকাশ নতুন এই খাবারের ছবি তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাকে ধন্যবাদ জানিয়ে পাল্টা টুইট করেন সোনু সুদ। শিগগিরই খাবারটি খেয়ে দেখতে চান বলেও জানান তিনি।