ব্রিটেনের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের নেতৃত্বে বহুল আলোচিত ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন-সহ মোট দুটি অ্যান্টিভাইরাল ওষুধের ট্রায়াল শুরু হয়েছে।
স্কাই নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ট্রায়ালে ব্রিটিশ স্বাস্থ্যকর্মীরা হাইড্রোক্সিক্লোরোকুইন এবং ক্লোরোকুইন ওষুধ দুটি নেবেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে মন্তব্য করায় ওষুধটি নিয়ে গোটা পৃথিবীর মানুষের আগ্রহ জন্মায়। কিন্তু অনেক গবেষণায় বলা হয়েছে, ওষুধটি নভেল করোনাভাইরাস প্রতিরোধ করে না; বরং নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। দুদিন আগে ট্রাম্প আবার দাবি করেন, তিনি প্রতিদিন হাইড্রোক্সিক্লোরোকুইন খাচ্ছেন।
ব্রিটিশ গণমাধ্যম বলছে, ‘সিওপিসিওভি’ গবেষণার আওতায় মোট ৪০ হাজার স্বাস্থ্যকর্মীকে যুক্ত করা হবে। ব্রিটেনের পর আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ আমেরিকার চিকিৎসকেরা ওষুধটি ব্যবহার করে দেখবেন কাজ হয় কি না।
মাহিডোল অক্সফোর্ড ট্রপিক্যাল মেডিসিন রিসার্চ ইউনিটের (এমওআরইউ) সহায়তায় সেই সব চিকিৎসকেরা ওষুধটি ব্যবহার করতে পারবেন, যারা নভেল করোনাভাইরাস রোগীদের চিকিৎসা দিয়েছেন।
অক্সফোর্ডের প্রফেসর নিকোলাস হোয়াইট এই ওষুধের ব্যাপারে বলেছেন, ‘ক্লোরোকুইন অথবা হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধে কভিড-১৯ ভালো হয় কি না অথবা ক্ষতিকর কি না, তা সত্যি আমরা জানি না। এটা জানার সব থেকে ভালো উপায় ট্রায়াল শুরু করা।’