মেক্সিকোর শীর্ষ ফুটবল লিগের দল সান্তোস লাগুনার আটজন ফুটবলারের কভিড-১৯ টেস্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। এতে দুই মাস পর লিগের খেলা ফের মাঠে গড়ানো নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে।
কয়েক দিনের মধ্যেই মেক্সিকোর শীর্ষ ফুটবল লিগ ‘লিগা এমএক্স’ শুরুর করার কথা ভাবছিল কর্তৃপক্ষ। অনুশীলন শুরুর আগে নিয়মানুযায়ী ক্লাবগুলোর খেলোয়াড় ও স্টাফদের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে।
সান্তোস লাগুনার মালিক আলেজান্দ্রো ইরারাগোরি বলেন, “এই পরিস্থিতিতে লিগের খেলা ফের শুরু করাটা অনেক জটিল হয়ে গেল।”
গোরি জানিয়েছেন, তার ক্লাবের অবস্থা আরও খারাপ হতে পারে। কেননা ৪৮ জন খেলোয়াড় ও স্টাফের কভিড-১৯ টেস্টের মধ্যে হাতে এসেছে মাত্র ২২টি টেস্টের ফল। এতেই আক্রান্ত আটজন খেলোয়াড়। তবে করোনায় আক্রান্ত খেলোয়াড়দের নাম-পরিচয় প্রকাশ করেনি ক্লাব কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকোতেও ভালো করেই সংক্রমণ ছড়াচ্ছে করোনাভাইরাস। দেশটিতে আক্রান্তের সংখ্যা এরই মধ্যে অর্ধ লক্ষ ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যা ৬ হাজারের বেশি।
করোনার কারণে মার্চের মাঝামাঝি থেকে বন্ধ মেক্সিকোর শীর্ষ লিগের খেলা। কয়েকদিন আহে লিগের সভাপতি এনরিকে বনিলা জানান, তিনি নিজেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মেক্সিকো লিগের আরেক ক্লাব সান লুইসের সভাপতিও।