গাজীপুর সিটি করপোশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম জেলার সাংবাদিকদের প্রধানমন্ত্রীর দেওয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার বিকালে মেয়রের ছয়দানাস্থ বাসভবন থেকে এসব ঈদ সামগ্রী প্রদান করা হয়।
মেয়র জানান, প্রধানমন্ত্রী সারা দেশের ন্যায় গাজীপুরে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের খাদ্য সহায়তা এবং ঈদ উপহার প্রদান করছেন। গাজীপুর সিটি করপোরেশনের পক্ষ থেকেও নগরীর লাখ লাখ কর্মহীন, দরিদ্র, অসহায়, দুস্থ মানুষকে এ সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
তিনি গাজীপুর প্রেসক্লাবের সদস্যসহ মহানগরী এবং থানা এলাকার সাংবাদিকদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী এবং নগদ অর্থ প্রদান করেন।
এ সময় গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সাবেক সভাপতি খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, মো. আমিনুল ইসলাম, সাংবাদিক শরীফ আহমেদ শামীম, কামাল হোসেন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।