ভারতের সুস্থ সন্তান প্রসব করেছেন করোনা আক্রান্ত শতাধিক মা। মুম্বাইয়ের লোকমান্য তিলক মিউনিসিপ্যাল জেনারেল হাসপাতালে গত মাসে করোনা আক্রান্ত মায়েদের গর্ভ থেকেই সুস্থভাবে ভূমিষ্ঠ হয়েছে ১১৫ শিশু। প্রাথমিকভাবে ওই শিশুদের ৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেলেও পরবর্তীতে ফলাফল নেগেটিভ আসায় হাসপাতালের ছাড়পত্র পেয়ে গেছে তারাও।
মুম্বাইয়ে করোনা আক্রান্তের সংখ্যা ২৪ হাজারের কাছাকাছি পৌঁছে গেছে। এর মধ্যে প্রাণ হারান ৮৪০ জনেরও বেশি মানুষ। আক্রান্ত হচ্ছেন গর্ভবতী নারীরাও। লোকমান্য হাসপাতাল কর্র্তৃপক্ষ জানিয়েছে, গত মাসে করোনার সংক্রমণ ধ সন্তান প্রসবকারীদের মধ্যে অর্ধেকেরও বেশি মায়ের সি-সেকশনের মাধ্যমে ডেলিভারি হয়েছে। আর বাকিরা প্রাকৃতিক পদ্ধতিতে সন্তান জন্ম দিয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত দুই গর্ভবতী মা হাসপাতালে মারা গেছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে সন্তান প্রসবের আগেই।
গত মাসে হাসপাতালে জন্ম নেওয়া ১১৫ শিশুর মধ্যে ৫৬ জন ছেলে ও ৫৯ জন মেয়ে। আক্রান্ত মায়েদের মধ্যে ২২ জনকে অন্য হাসপাতাল থেকে লোকমান্য হাসপাতালে পাঠানো হয়েছিল। আক্রান্ত প্রসূতি মায়েদের বেশিরভাগের ক্ষেত্রেই তাদের সংক্রমণের উৎস জানা যায়নি। তারা বাড়িতে নাকি বাইরে নাকি হাসপাতাল ওয়ার্ডে সংক্রমিত হয়েছেন তা স্পষ্ট নয়।